২১ মে ২০২৬, ১৪:২৬

প্রদর্শক পদের ফল প্রকাশ নিয়ে যা বললেন মাউশি ডিজি

প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল  © ফাইল ছবি

মৌখিক পরীক্ষা গ্রহণের প্রায় দুই বছর হতে চললেও এখনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রদর্শকসহ ১০ম গ্রেডের ৬১০ পদের ফল প্রকাশিত হয়নি। ফলে ফলাফলের অপেক্ষায় থাকা প্রায় সাড়ে ৬ হাজার চাকরিপ্রার্থী চরম বিপাকে পড়েছেন। 

বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সঙ্গে। তিনি বলেছেন, ‘প্রদর্শক পদের ভাইভার ফল নিয়ে কিছু ইস্যু রয়েছে। এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। মন্ত্রণালয় থেকে জেনে আপনাকে জানাতে পারব।’

জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসে বিভিন্ন পদের ৪ হাজার ৩২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাউশি। এর মধ্যে ‌‌৫১৪টি প্রদর্শকসহ ১০ম গ্রেডের পদ ছিল সর্বমোট ৬১০টি। এই পদগুলোর বিপরীতে মোট ৬ হাজার ৪৪৩ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

২০২৪ সালের ৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। অর্থাৎ মৌখিক পরীক্ষা শেষ হওয়ায় ২৩ মাস অতিবাহিত হলেও এখনো এ নিয়োগের ফলাফল প্রকাশিত হয়নি।