শিক্ষকদের ঈদ বোনাস কবে, জানাল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা আজ মঙ্গলবার থেকে অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে। আগামীকাল বুধবারের মধ্যে সব শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে উৎসব ভাতার অর্থ যাবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে সবাই উৎসব ভাতার টাকা পাবেন।
এর আগে গত রবিবার এমপিওভুক্ত পৌনে ৪ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, ঈদ উৎসব ভাতার জন্য মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন ও কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।