১৪ মে ২০২৬, ১৪:০৫

মাউশির সাবেক পরিচালক শাহেদুল খবির চৌধুরীসহ শিক্ষা ক্যাডারের ৭ কর্মকর্তা ওএসডি

অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী  © ফাইল ছবি

আওয়ামী লীগের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন প্রভাবশালী পরিচালক ছিলেন অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। ২০২৪ সালেও তিনি অধিদপ্তরটির দ্বিতীয় শীর্ষ ব্যক্তি তথা কলেজ ও প্রশাসন শাখার পরিচালক ছিলেন। তবে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন কলেজে বদলি করা হয়েছিল এক সময়ের প্রভাবশালী পরিচালককে। সম্প্রতি তিনি ফেনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন।

এবার তিনিসহ শিক্ষা ক্যাডারের ৭ কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা, তাদেরকে পিআরএল এ গমনের সুবিধার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী ছাড়া বাকি কর্মকর্তারা হলেন-অধ্যাপক আবু তালহা মোহা. মনিরুল ইসলাম, আরবি ওএসডি, মাউশি; মো. মজিবুর রহমান, অধ্যাপক, দর্শন; নাজমুন নাহার, অধ্যাপক, সমাজকল্যাণ/সমাজকর্ম; মোহাং মহসিন রেজা, অধ্যাপক, হিসাব বিজ্ঞান; ফিরোজ আহম্মদ, অধ্যাপক, হিসাববিজ্ঞান; ড. মমতাজ সাহানারা, অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

শাহেদুল খবির চৌধুরী আওয়ামী লীগ সরকারের শুরু থেকে অর্থাৎ, ২০০৯ সাল থেকে ঢাকা শিক্ষা বোর্ড এবং মাউশিতে চাকরি করছেন। এ সময়ে একদিনের জন্যও তিনি সরকারি কোনো কলেজে চাকরি করেননি। তিনি ঢাকা শিক্ষা বোর্ডে স্কুল পরিদর্শক, পরে সচিব ছিলেন। ২০১৯ সালে তিনি মাউশি অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে পদায়ন পান।

তবে ২০২৪ সালে তার বিরুদ্ধে মাউশির একটি নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই বছরই তাকে মাউশি থেকে সরিয়ে রাজধানীর একটি সরকারি কলেজে বদলি করা হয়েছিল।