শিক্ষকদের ঈদ বোনাস ও মে মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস ও মে মাসের বেতন বিল সাবমিট নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আজ বুধবারের (১৩ মে) মধ্যে ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে।
বুধবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ নির্দেশনার কথা জানিয়েছেন।
ইএমআইএস সেলের এ প্রোগ্রামার বলেন, ‘আজ বুধবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের বিল সাবমিট করতে হবে। আর মে মাসের বেতন সাবমিট শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। আজই এ সংক্রান্ত চিঠি জারি করা হবে।’
আরও পড়ুন: তারেক রহমানের অগ্রাধিকারে প্রথমও শিক্ষা, দ্বিতীয়-তৃতীয়ও শিক্ষা
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।