এমপিওভুক্ত শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতার বিল দ্রুত সাবমিটের তাগিদ
ঈদুল আজহা উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার বিল দ্রুত অনলাইনে জমা দিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আবারও তাগিদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে বিল দাখিল না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই এর দায় নিতে হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) সব স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো এক চিঠিতে এ তাগিদ দেয় মাউশি।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ঈদুল আজহার (মে-২০২৬) উৎসব ভাতা বিল অনলাইনে দাখিল করার জন্য ৭ মে-এর মারফত প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেয়া হয়। এই চিঠিতে প্রতিষ্ঠান প্রধানদেরকে ১৩ মে’র মধ্যে তার প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ঈদুল-আজহার (মে-২০২৬) উৎসব ভাতা বিল অনলাইনে দাখিল করতে বলা হয়েছে।
আগে জারিকৃত চিঠিতে নির্ধারিত ১৩ মে’র মধ্যে এমপিওভুক্ত জনবলের ঈদুল আজহার উৎসব ভাতা বিল অনলাইনে দাখিল করার জন্য প্রতিষ্ঠান প্রধানদেরকে ফের অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে ঈদুল আজহার উৎসব ভাতা বিল অনলাইনে দাখিল করতে ব্যর্থ হলে এর দ্বায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।