ঈদের আগে শিক্ষকদের মে মাসের বেতন পাওয়া নিয়ে যা বলছে মাউশি
আর কিছুদিন পরই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এবার মে মাসের শেষ সপ্তাহে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। ফলে ঈদের আগে স্কুল-কলেজের শিক্ষকরা বেতন পাবেন কি না সেই প্রশ্ন দেখা দিয়েছে। ইতোমধ্যে মে মাসের বেতন বিল সাবমিটের কার্যক্রম শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, আগামী ১৩ মে পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন বিল সাবমিট করা যাবে। এর পর বেতন ছাড়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাব অনুমোদন এবং শিক্ষামন্ত্রী নির্দেশনা দিলে ঈদের আগে শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন। তবে মন্ত্রী নির্দেশনা না দিলে ঈদের আগে শিক্ষকদের মে মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সচারাচর রানিং (চলতি) মাসের বেতন কর্মকর্তারা পান না। তবে ঈদসহ অন্যান্য ক্ষেত্রে কর্মচারীদের চলতি মাসের বেতন দেওয়া হয়। এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের আগে মে মাসের বেতন পাওয়ার জন্য শিক্ষামন্ত্রীর বিশেষ নির্দেশনা প্রয়োজন। একইসঙ্গে অর্থমন্ত্রীরও সম্মতি দরকার হবে।’
মাউশির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে কোনো প্রস্তাবনা দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা প্রস্তাবনা পাঠালে হবে না। শিক্ষামন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে। তিনি নির্দেশনা দিলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানপ্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।