শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন আজ অনুমোদিত হতে পারে। শুধু অনুমোদনই নয়; বেতন-ভাতা সংক্রান্ত প্রস্তাব চিফ অ্যাকাউন্টস অফিসেও পাঠানো হতে পারে।
মঙ্গলবার (৫ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী।
মাউশির এ পরিচালক বলেন, 'এপ্রিলের বেতন-ভাতার অনুমোদন আজ মঙ্গলবার হতে পারে। এরপর এটি আইবাসে শো (পরিদর্শন) হতে হবে। আইবাসে পরিদর্শন হলে সেটি চিফ অ্যাকাউন্টস অফিসে পাঠানো হবে। চিফ অ্যাকাউন্টস অফিস অর্থ ছাড় করলে তা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে চলে যাবে। এরপর শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন-ভাতা তুলতে পারবেন।'
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।