শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল ইএমআইএস সেল
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন নিয়ে দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল। সংস্থাটি জানিয়েছে, ভেলিডেশন রিপোর্ট না আসায় বেতন বিল সাবমিটের কার্যক্রম শুরু হতে বিলম্ব হবে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইএমআইএস সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন।
ফেসবুক পোস্টে তিনি জানান, ‘স্কুল-কলেজের মার্চ ২০২৬ মাসের এমপিও ইএফটি বিল সাবমিট আগামী ২৫ মার্চ শুরু হবে, চলবে ২৮ মার্চ পর্যন্ত। আইবাস থেকে ছুটির আগে ভেলিডেশন রিপোর্ট না আসায় আগামীকাল ১৭ মার্চ থেকে বিল সাবমিট অপশন চালু করা সম্ভব হচ্ছে না। আইবাস বলেছে, ছুটির পরে ২৪ তারিখ ভেলিডেশন রিপোর্ট দেবে। ভেলিডেশন রিপোর্ট পাওয়ার পর বিল সাবমিট অপশন চালু করা হবে।’
জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।