বাধ্যতামূলক করা হলো শিক্ষকদের ৫৬ দিনের বেসিক প্রশিক্ষণ
মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের জন্য ৫৬ দিনব্যাপী বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করেছে সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে জানানো হয়েছে, শ্রেণিকক্ষের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর পাঠদানে সক্ষম করে তুলতে এই প্রশিক্ষণ অপরিহার্য। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় পরিচালিত 'লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন' (লেইস) প্রকল্পের আওতায় অক্টোবর ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৮ মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ৪০ বছরের কম বয়সী নবীন শিক্ষকদের আধুনিক শিখন-তত্ত্ব ও কৌশল হাতে-কলমে রপ্ত করানোর লক্ষ্যে দেশব্যাপী ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত করা, ঝরে পড়ার হার কমানো এবং শিক্ষকদের পেশাগত দক্ষতার স্থায়ী উন্নয়ন সাধন করা। এটি এসডিজি-৪ বা গুণগত শিক্ষার লক্ষ্য অর্জনের সাথে সরাসরি সম্পর্কিত একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যে দুটি নিয়মিত ও একটি পাইলট ব্যাচের প্রশিক্ষণ শেষ হলেও লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান প্রধান মনোনীত শিক্ষকদের ছাড়পত্র প্রদানে অপারগতা প্রকাশ করছেন এবং কোনো কোনো শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণে অনাগ্রহ দেখাচ্ছেন। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, 'বর্ণিত ৫৬-দিনব্যাপী বেসিক প্রশিক্ষণে মনোনীত মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণকে অনিবার্য কারণ ব্যতিরেকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করা হলো।' একইসাথে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।