২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি  © সংগৃহীত

যুক্তি, মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ২৬ ও ২৭ (শনিবার ও রবিবার) সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃস্কুল-কলেজ বিতর্ক প্রতিযোগিতা। অ্যাকশনএইড ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি স্কুল ও কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ আয়োজনের বিভিন্ন পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. আমিরুস সালাত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সংবিধান বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম এবং অ্যাকশনএইডের লিড ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস মো. নাজমুল আহসান।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজ পর্যায়ের তরুণ বিতার্কিকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় যুক্তি উপস্থাপন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা ও গঠনমূলক মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তাভাবনা, নেতৃত্বের দক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা আরও জোরদার হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

দুই দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রেও একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশাবাদী আয়োজকরা।