২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬

জাজিরায় নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

মিছিল নিয়ে বিএনপির সমাবেশস্থলে হামলা নিষিদ্ধ আওয়ামী লীগের   © সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় মিছিল নিয়ে এসে বিএনপির সমাবেশস্থলে হামলা চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে অগ্নিসংযোগ করা হয়।

রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এসব ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।

নিহত ইব্রাহিম সেপাহি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে। তিনি নিষিদ্ধ যুবলীগের কর্মী বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শরীয়তপুরের জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সেখানে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলি ও দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একপর্যায়ে ককটেল বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া পদ্মা সেতুসংলগ্ন আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ও পদ্মা ভ্যালি ফুড এক্সপ্রেস রেস্তোরাঁয় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে ইব্রাহিম সেপাহি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে একদল ব্যক্তিকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ যুগান্তরকে বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে।'

তবে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করতে পারেননি তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে তারা সারা রাত দায়িত্ব পালন করেছেন। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়।

কোনও ধরনের প্রাণহানি ছাড়াই তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।