২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে জামায়াতের প্রত্যয়ন, বিএনপি নেতার জিম্মায় মুক্তি

ছাত্রলীগের নড়াইল জেলা কমিটির সহসভাপতি মো. সজিব মোল্যা।  © টিডিসি সম্পাদিত

নড়াইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহসভাপতি মো. সজিব মোল্যাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। জামায়াত নেতার দেওয়া প্রত্যয়নপত্রের ভিত্তিতে বিএনপি নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সজিব মোল্যাকে আটক করে লোহাগড়া থানা-পুলিশ। পরে সন্ধ্যার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

সজিব মোল্যা নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মোল্যার ছেলে। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে।

জানা গেছে, লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা হাদিউজ্জামানের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রের ভিত্তিতে সজিবকে ছেড়ে দেওয়া হয়। এ সময় নলদী ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. মশিয়ার রহমান মোল্যাকে সাক্ষী রেখে ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি সদস্য মিজানুর রহমানের জিম্মায় তাকে দেওয়া হয়।

নলদী ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রলীগ নেতা সজিবকে থানা থেকে ছাড়িয়ে নিতে বিএনপির কয়েকজন নেতা সহযোগিতা করেছেন। এ ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজিবকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওসি শরিফুল ইসলাম তাকে জানিয়েছেন, সজিব জামায়াতে ইসলামীর কর্মী। এ কারণে উপজেলা জামায়াতের এক নেতা প্রত্যয়নপত্র দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন। বিএনপির কোনো নেতা এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামানের লিখিত প্রত্যয়নপত্র এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন সজিবকে নলদী ইউনিয়নের জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে নলদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মশিয়ার রহমানকে সাক্ষী রেখে ইউপি সদস্য ও বিএনপি কর্মী মিজানুর রহমানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামান। তিনি বলেন, ‘এ ব্যাপারে ওসির সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আমার স্বাক্ষর জাল করে কে বা কারা ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে।’

অন্যদিকে, সজিবকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় সাক্ষী হিসেবে নাম আসা মশিয়ার রহমান এবং জিম্মাদার মিজানুর রহমানও এ বিষয়ে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, ছাত্রলীগ নেতা সজিবকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না।

তবে লোহাগড়া পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বলেন, সজিব ২০২৩ সালের পর থেকে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি জামায়াতের কর্মী হিসেবে কাজ করছেন।