আ.লীগের লকডাউন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ড্রোন উড়িয়ে পুলিশের মহড়া
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। এর অংশ হিসেবে ড্রোন উড়িয়ে এবং মোটরসাইকেল নিয়ে বিশেষ নিরাপত্তা মহড়া দিয়েছেন পুলিশ সদস্যরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের পুনিয়াউট মোড় থেকে এ মহড়া শুরু হয়। এ সময় ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হয়। পাশাপাশি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম-সিলেট মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন পুলিশ সদস্যরা। হুইসেল বাজিয়ে পরিচালিত এ মহড়া শহর ঘুরে শহরতলির ঘাটুরা মোড়ে গিয়ে শেষ হয়।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আহ্বানে আগামী রোববার ও সোমবার (২৯ ও ৩০ নভেম্বর) দুই দিনের লকডাউন কর্মসূচি পালনের কথা রয়েছে।
মহড়াকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতাসহ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।