কাতার থেকে ফিরেই নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
কাতার থেকে দেশে ফেরার দুদিন পর গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতা। তার নাম রেজাউল রহমান আশরাফী ওরফে খোকন (৪৪)। তিনি গাজীপুরের কালীগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে খোকন কাতার থেকে ফেরার আগে নিজের বাড়ির চারপাশে এবং বাড়ি থেকে প্রধান সড়ক পর্যন্ত বেশ কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করান। পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতেই সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন তিনি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খোকন পালিয়ে কাতারে চলে যান। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে দুই দিন আগে তিনি গোপনে দেশে ফেরেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন-সংক্রান্ত মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, খোকনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে গাজীপুর আদালতে সোপর্দ করা হবে।