গার্ডদের ‘মোরগ পোলাও’ খাইয়ে ২ হাজার ভরি সোনা নিয়ে গেলেন তারা
রাজধানীর ধানমন্ডির একটি শপিংমলের গয়নার দোকানের তালা ভেঙে থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরা চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাত ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে ঘটনাটি ঘটেছে।
জুয়েলার্সটির মালিক ও কর্মরতরা এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছে। চুরির আগে দোকানের কয়েকজন নিরাপত্তাকর্মীকে ‘মোরগ পোলাও’ খাইয়ে অচেতন করা হয়েছিল। এ ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।
পূরবী জুয়েলার্সের কর্মকর্তা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের একজন দোকানের নিজস্ব এবং দুইজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে’ অচেতন করা করা হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে ৫ জনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।
ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
অপরদিকে দেকানের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা কাজ করছি। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।