সাভারে যাত্রীবাহী বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পার্কিং করে রাখা ‘লাব্বাইক পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাসের ভেতরের অংশ ও অধিকাংশ আসন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সাভারের জোরপুল এলাকায় মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনের পাশে লাব্বাইক পরিবহনের বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে বাসটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া উড়তে থাকে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাসের ভেতরের কাঠামো ও আসনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের জোরপুল এলাকায় পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। বাসটিতে কোনো যাত্রী না থাকায় কেউ হতাহত হননি।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, ‘বাসে আগুন লাগার সংবাদ পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা রয়েছে কি না বা এর সুনির্দিষ্ট কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে মহাসড়ক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’