৪০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামির হয়ে লড়া আইনজীবী এবার হাসিনার ভাড়াটে প্রতিনিধি
সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের পক্ষে আইনি লড়াই করা ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাওলস এখন চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে কাজ করছেন। এর আগে হত্যা, ধর্ষণ, শিশুসৈন্য ব্যবহার ও জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ গুরুতর অপরাধে অভিযুক্ত দুই ব্যক্তির পক্ষে আদালতে লড়েছিলেন তিনি। তাঁদের একজনকে ১৫ বছর এবং অন্যজনকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, স্টিভেন পাওলস সিয়েরা লিওনের গৃহযুদ্ধের সময় সরকারপন্থী আধা সামরিক বাহিনী সিভিল ডিফেন্স ফোর্সেসের (সিডিএফ) যুদ্ধ পরিচালক মোয়নিনা ফোফানা এবং বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের (আরইউএফ) শীর্ষ সামরিক কমান্ডার মরিস ক্যালনের পক্ষে আইনি লড়াই করেন। তাঁদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন, শিশুসৈন্য ব্যবহারসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। বিচার শেষে উভয়েই দোষী সাব্যস্ত হন।
স্টিভেন পাওলসের প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তিনি শেখ হাসিনার ‘আইনি প্রতিনিধি’ হিসেবে কাজ করছেন। এ ছাড়া লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে চেয়েছিলেন তিনি। তবে আদালতের বিধির কারণে তা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে টেইলরকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মোয়নিনা ফোফানার পক্ষে আইনি লড়াই
সিয়েরা লিওনে ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের সময় সরকারপন্থী আধা সামরিক বাহিনী সিভিল ডিফেন্স ফোর্সেসের (সিডিএফ) যুদ্ধ পরিচালক ছিলেন মোয়নিনা ফোফানা।
জাতিসংঘ ও সিয়েরা লিওন সরকারের সমর্থনে গঠিত স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনের (এসসিএসএল) প্রধান প্রসিকিউটরের দপ্তর তাঁর বিরুদ্ধে হত্যা, নিষ্ঠুর আচরণ, বেসামরিক সম্পত্তি লুণ্ঠন এবং অমানবিক কর্মকাণ্ডসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা ও প্ররোচনার অভিযোগ আনে।
এ মামলায় ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাওলস ফোফানার অন্যতম প্রধান প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে বিচারিক আদালত ফোফানাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে প্রথমে ছয় বছরের কারাদণ্ড দেন। পরে ২০০৮ সালে আপিল বিভাগ তাঁকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে সাজা বাড়িয়ে ১৫ বছরের কারাদণ্ড দেন।
মরিস ক্যালনের পক্ষে ৪০ বছরের দণ্ডপ্রাপ্তির আগে লড়াই
সিয়েরা লিওনের বিদ্রোহী গোষ্ঠী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের (আরইউএফ) শীর্ষ সামরিক কমান্ডার ছিলেন মরিস ক্যালন। জাতিসংঘ ও সিয়েরা লিওন সরকারের সমর্থনে গঠিত স্পেশাল কোর্ট ফর সিয়েরা লিওনের প্রধান প্রসিকিউটরের দপ্তর তাঁর বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা, ধর্ষণ, জোরপূর্বক বিয়ে, শিশুসৈন্য ব্যবহার এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ আনে।
২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিচার-পূর্ববর্তী পর্যায়ে ব্রিটিশ ব্যারিস্টার স্টিভেন পাওলস ক্যালনের প্রতিরক্ষা দলের অন্যতম প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। মূল বিচার শুরুর আগেই তিনি মামলাটি বাতিলের আবেদন জানান। তবে আদালত তাঁর আবেদন খারিজ করে দেন।
পরবর্তী সময়ে বিচার শেষে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আদালত ১৮টি অভিযোগের মধ্যে ১৬টিতে ক্যালনকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের এপ্রিলে তাঁকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অক্টোবরে আপিল বিভাগও এ সাজা বহাল রাখেন।
লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলরের পক্ষেও আইনি লড়াই করতে চেয়েছিলেন স্টিভেন পাওলস। তবে আদালতের বিধির কারণে তাঁর পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হয়নি।
পরবর্তী সময়ে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে চার্লস টেইলরকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।