বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১
প্রথম ধাপে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন। স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামের একজন নিহত হয়েছেন।
নিহত সেলিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একটির নেতৃত্বে রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন আওলাদ মোল্লা। তিনি মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও পক্ষ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘাতে জড়ায় তারা। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন। তিনি জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।