১৪ বছর আগে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে নির্যাতন, দ্বিতীয় বিয়ে ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রী নাছিমা খাতুনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তবে মামলার অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা ছবিরন খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমাকে নির্যাতন করতেন শওকত। একপর্যায়ে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে স্বামীকে দেন নাছিমা। কিন্তু তাতেও নির্যাতন বন্ধ হয়নি।
এর মধ্যে শওকত আলী কুখরালীর কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। পরে প্রথম স্ত্রী নাছিমা ও দুই সন্তানকে নিয়ে সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। অভিযোগ রয়েছে, এ সময় তাদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন শওকত।
এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় স্বামী শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ৩০ আগস্ট সংশ্লিষ্ট ব্যক্তিদের পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।
আদালতের নথি অনুযায়ী, নোটিশে নির্ধারিত তারিখের আগের দিন ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে আটটার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও তাদের মা ছবিরন খাতুন ইটাগাছায় নাছিমার ভাড়া বাড়িতে যান। সেখানে নাছিমাকে মারধরের পর তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পরে স্থানীয় লোকজন নাছিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা খাতুন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাসিনা খাতুন ও ছবিরন খাতুনকে খালাস দেওয়া হয়েছে।