২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩

গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি, ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি, ৫৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক  © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ মো. শোভন (২১) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর রেলগেট এলাকায় রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা শোভনের কাছ থেকে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক শোভন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুরাতন তেঁতুলিয়া গ্রামের মিজানুর রহমান ও সালমা বেগমের ছেলে।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার সুমন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাশিপুর রেলগেট এলাকায় রয়েল পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা শোভনকে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ আটক করা হয়েছে।