গোপালগঞ্জ থেকে ফেনী, ১০ দিনের মাথায় খাগড়াছড়িতে বদলি এসপি হাবীবুল্লাহ
ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবীবুল্লাহকে। তার স্থলে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে দুই দফায় রদবদল করা হলো।
আজ বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে রদবদল করা হয়। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছিল। উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।
প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। পাঁচ মাসের মাথায় বদলির আদেশ পেয়ে গত ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন তিনি। আর ২৭তম বিসিএসের কর্মকর্তা মো. হাবীবুল্লাহ ১৮ নভেম্বর ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।