বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির
ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। এ নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে বলেও মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।
ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তাঁর বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেউ ভিক্ষা করলে ১৫০০ টাকা জরিমানার ঘোষনাও দেন তিনি
ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
কেউ বিষয়টিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত ক্ষমতা কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না?
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মূহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।