চাঁদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা গ্রেপ্তার
চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কোড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলরত ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তাদের মোবাইল ফোন যাচাই করে মো. আরাফাতের (২১) মোবাইলের গ্যালারিতে একটি পিস্তলের ছবি পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে ওই পিস্তল হাতে নিয়ে ছবি তোলার কথাও স্বীকার করে সে।
পরবর্তী সময়ে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায়। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা মো. আরাফাতকে (২১) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত এবং একই গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন।
এদিকে চেকপোস্ট চলাকালে আটক করা অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।