বৃদ্ধ বাবা-মাকে কোপাল ছেলে ও পুত্রবধূরা, কারণ জানালেন ওসি
সম্পত্তি লিখে না দেয়ায় মাদারীপুরের রাজৈর উপজেলায় মা-বাবা এবং দুই বোনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই ছেলে ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে এই হামলার পর রাত ৭টার দিকে আহত চারজনকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও পরিবার।
আহতরা হলেন- রাজৈর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব স্বরমঙ্গল গ্রামের মৃত হাছেন খানের ছেলে রজব আলী খান (৬৫), তার স্ত্রী পারুল বেগম (৫৫) এবং তাদের দুই মেয়ে রেশমা বেগম (৩৮) ও রিক্তা আক্তার (২৮)।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পূর্ব স্বরমঙ্গল গ্রামে বাড়ির সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে আলোচনা করছিলেন রজব আলী খান ও তার পরিবারের সদস্যরা। ওই সময় রজব খানের দুই ছেলে জহিরুল ইসলাম খান ও নজরুল খান এবং তাদের স্ত্রী হালিমা ও রুনা বেগম নিজেদের নামে বাড়ির ২৪ শতাংশ জমি লিখে দিতে চাপ দেন। রজব খান জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে রজব আলী খান, তার স্ত্রী ও দুই মেয়ের মাথা ও হাতের একাধিক স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়।
এ বিষয়ে আহত রজব আলীর স্ত্রী পারুল বেগম বলেন, ‘আমার ও আর আমার স্বামীর নামে ২৪ শতাংশ জমি আছে। সেগুলো ছেলেদের নামে লিখে দেয়ার জন্যে অনেক দিন ধরেই মারপিট করে আসছে। সেই বিষয় নিয়ে আমার দুই মেয়ে বাড়িতে আসলে তাদের ওপরে ছেলেরা চাপ দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের চারজনকে কুপিয়ে রক্তাক্ত করছে। এমন ছেলেদের বিচার না হলে আমাদের বাঁচতে দিবে না। ওদের বিচার দাবি করছি।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সম্পত্তির জন্যে বৃদ্ধা বাবা-মাকে এভাবে রক্তাক্ত করা ঠিক হয়নি। যদি আহতরা মামলা করে, তাহলে দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে।