২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ।  © সংগৃহীত

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের সদর হাসপাতাল মোড়ে এই সংঘর্ষ ঘটে। এ সময় দুই পক্ষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক মিলন (লিমন) ও তাঁর নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে। হামলার শিকার নেতাকর্মীরা দাবি করেছেন, ছাত্রলীগের সহযোগিতায় এই হামলা সংঘটিত হয়েছে।

লিমনের ফেসবুক লাইভ ভিডিওতে বলতে শোনা যায়, মামলার আসামি ও ১১ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাইনুরকে রাজপাড়া থানার টিভি পুকুর এলাকা থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের চাচাতো ভাই ওই এলাকায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করছিলেন।

লিমন আরও অভিযোগ করেন, শাইনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে অন্য পক্ষ বাধা দেয়। পরে তাঁকেও ছাত্রলীগের সহযোগী হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হলে শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে বাসায় ফেরার পথে সদর হাসপাতাল মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

লিমনের দাবি, ছাত্রলীগের হয়ে এই হামলা পরিচালিত হয়েছে এবং এতে ছাত্রদলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় সেখানে রাজশাহী মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহার করা হয়। তথ্য অনুযায়ী, লিমনসহ তাঁর নেতাকর্মীরা যখন সদর হাসপাতাল মোড়ে বসে ছিলেন, তখন মান্নাতসহ পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে করে একটি দল সেখানে আসে। এরপর তারা উপস্থিত নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে তাদের আহত করে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লিমন বলেন, যারা দিনরাত ২৪ ঘণ্টা পরিশ্রম করে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাঁদের ওপর যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা চালানো হয়, তাহলে তাঁরা কার কাছে যাবেন? তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং হামলায় জড়িত ও ইন্ধনদাতাদের সবার উপযুক্ত শাস্তি চান।

এ ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রতিকার চেয়ে তিনি বলেন, মহানগর ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতা হয়েও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এর প্রতিকার করতে হবে। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"