মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
মানিকগঞ্জ সদর উপজেলায় আলম পীরের স্ত্রী সুমি আক্তারকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার সাগর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে গুজুরি এলাকায় তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
নিহতের স্বামী আলম পীরের অভিযোগ, একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগর তার স্ত্রী সুমি আক্তারের ওপর ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তার স্ত্রীর একটি হাত মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়। হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে শুধু চামড়া ও সংযুক্ত অংশের সঙ্গে ঝুলে ছিল বলে দাবি করেন তিনি।
আলম পীর আরও অভিযোগ করেন, এর আগেও অভিযুক্ত সাগর তার ওপর হামলা চালিয়েছিলেন। তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর বারবার হামলার ঘটনায় তারা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলেন। তবে কী কারণে তাদের পরিবারের ওপর এ ধরনের হামলা চালানো হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর গুরুতর আহত সুমি আক্তারকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার অর্থকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরাও ঘটনার বিষয়ে কাজ করছেন।
এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ আশরাফুল আলম জানান, তাদের একটি দলও এ ঘটনার বিষয়ে কাজ করছে। অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে এবং অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তের সর্বোচ্চ আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর অভিযুক্ত সাগর পালিয়ে গেছেন। তারা বলেন, ‘আমরা এই নৃশংস ঘটনার বিচার চাই। অভিযুক্ত সাগরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা তাঁর ফাঁসি চাই।’
এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়।
এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অভিযুক্ত সাগর এখনো পলাতক।