২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫

স্কুলছাত্র গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা জনকে অব্যাহতি

স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যা মামলার আসামি যুবদল নেতা আল আমিন জন  © সংগৃহীত

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যা মামলার আসামি শহর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল আমিন জনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে বর্তমান পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আল আমিন জনকে তার বর্তমান পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় ধূমপানের দৃশ্য ভিডিও ধারণকে কেন্দ্র করে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মনিরুল ইসলাম গালিবকে ছুরিকাঘাত করা হয়। পরদিন সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও খবর: সিট দখলকে কেন্দ্র করে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে ভর্তি তিন

এ ঘটনায় গালিবের মা ইয়াসমিন খাতুন বাদী হয়ে আল আমিন জন, তার ছোট ভাই জিসানসহ চারজনের নাম উল্লেখ করে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী খান্দার পাসপোর্ট অফিস এলাকায় জনের বাবার একটি ফুটপাতের দোকানে আগুন দেন। 

রবিবার (২২ নভেম্বর) জন ও জিসানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। ওই সময় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সময়ের মধ্যে আল আমিন জনকে দল থেকে বহিষ্কারের আশ্বাস দেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, গালিব হত্যা মামলার প্রধান আসামি মিশুকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।