২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯

ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা  © টিসিডি ছবি

ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্রয় নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ঔষধ ও কসমেটিক আইন লঙ্ঘন করে ফিজিশিয়ান স্যাম্পল মজুদ ও বিক্রির দায়ে দুলাল সার্জিক্যাল করপোরেশন, মুন্সি মেডিসিন কর্নার এবং মেসার্স নাদিম এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যাল মার্টকে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে সদর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ব্যবসায়ীদের নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।