ইউটিউব-চ্যাটজিপিটি দেখে ইয়াবা তৈরি, যুবক গ্রেফতার
প্রযুক্তি ব্যবহার করে এবার ভয়াবহ মাদক ইয়াবা তৈরির প্রমাণ মিলেছে চট্টগ্রামে। তল্লাশি করে মাদক পাওয়ার পর ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘদিন ধরে বন্দর নগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নে বসবাস করেন।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বলেন, ‘গ্রেপ্তারের পর তৌহিদুল আলম আকিব পুলিশকে জানান ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল রপ্ত করেন। এরপর নারায়ণগঞ্জ থেকে ইয়াবা তৈরির মেশিন কিনেন। তার বর্তমান ভাড়া বাসায় মেশিন স্থাপন করেন। পরবর্তীতে ইয়াবা ট্যাবলেট তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিলেন।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, শনিবার রাতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তৌহিদুল আলম আকিবকে গ্রেপ্তার করেন পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া। এ সময় তার শরীরে তল্লাশি করে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকিব স্বীকার করেন, তার বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়। পরে তার দেখানো মতে সেখান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।