কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে উর্মি আক্তার (২২) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নিজেও নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ঘিওর থানা পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে সাটুরিয়া উপজেলার সজীব মিয়ার সঙ্গে উর্মির বিয়ে হয়। বিয়ের পর থেকেই সজীব বালিয়াখোড়া গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ও ঝগড়া লেগেই থাকত।
নিহত উর্মির চাচাতো নানি খুশিমন (৬০) ঘটনার বর্ণনা দিয়ে জানান, শনিবার সকালে উর্মিদের বাড়িতে তিনি বেড়াতে আসেন। রাতে একসঙ্গে সবাই খাবার খান। পরে রাতে পাশের রুমে দুজনের ঝগড়ার শব্দ শুনতে পান। কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজীব মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী উর্মিকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় উর্মির আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের সামনেই নিজের গলায় অস্ত্র দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব।
স্থানীয়রা জানান, ঘটনার পরপর স্থানীয় লোকজন দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মি আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত সজীব মিয়া বর্তমানে একই হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত উর্মির মা বিউটি বেগম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পাশের একটি হাসপাতালে রান্নার কাজ করার কারণে বাইরে অবস্থান করছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ঘাতক সজীবের দৃষ্টান্ত দাবি করেছেন তিনি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।