২২ নভেম্বর ২০২৬, ১১:০১

সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী

ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী  © সংগৃহীত

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী। এ সময় সেনা সদস্যরা তাদের খোঁজখবর নেন। 

এদিকে ঘটনার পর সাদিক কায়েম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ ঘটনার কথা জানিয়েছেন। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে। বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, “সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়।”

ঘটনার বর্ণনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে বাড়ির দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীদের খবর দিলে তারা এসে পানি ছিটিয়ে আগুন নেভান।

তিনি বলেন, “আমরা ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। বিকট শব্দ শুনে বের হয়ে দেখি দেয়ালের পাশে আগুন জ্বলছে। প্রতিবেশীদের ডেকে আনার পর তারা আগুন নেভান। ঘুমের মধ্যে বিষয়টি টের না পেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত।”

প্রতিবেশীরা জানান, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সাদিক কায়েমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। তাদের থানায় এসে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


সাদিক কায়েম, ডাকসু, খাগড়াছড়ি, পেট্রোলবোমা, অগ্নিসংযোগ, সেনাবাহিনী, আওয়ামী লীগ