মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)। সালাহ উদ্দিন আকবর বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল সোনাগাজী উপজেলা শাখার আহ্বায়ক বলে জানা গেছে। তারা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে করে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট হয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অস্ত্র পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে শান্তি পরিবহনের (চট্টমেট্রো-ব-১১-০২৫০) বাসটি সেখানে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। এ সময় বাসের পেছনের দিকে যাত্রীবেশে থাকা দুই ব্যক্তির কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র চোরাচালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।