২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫

রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ভিপি গ্রেপ্তার

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পুলক  © সংগৃহীত

রাজধানী থেকে মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি এবং মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

রবিবার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এমআরইউ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আক্তারুজ্জামান পুলক সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা ও অর্থ জোগানদাতা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আক্তারুজ্জামান পুলককে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।