২২ নভেম্বর ২০২৬, ০০:২৩

খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি

তেরখাদা থানা  © সংগৃহীত

খুলনার তেরখাদায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে মাফিক সরদার (৪০) নামের বিএনপির এক নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের ছোড়া চার রাউন্ড গুলির মধ্যে তিনটি তাঁর কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।

মাফিক সরদার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

আহত মাফিকের ভাই জানান, শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাঁর ভাই ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাঁর পথরোধ করে। পরে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তাঁর শরীরে লাগে। গুলি ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাফিকের স্বজনেরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে তাঁর ওপর হামলা হয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।