২১ নভেম্বর ২০২৬, ২৩:৩৪

আওয়ামী লীগ প্রতিরোধে পাহারা, প্রাইভেটকারের পিছু নিয়ে প্রাণ গেল ছাত্রদল কর্মীর

নিহত আজিম সরকার  © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে পাহারা দেওয়ার সময় প্রাইভেটকারের পিছু নিয়ে দুর্ঘটনায় এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ছাত্রদল কর্মী এবং প্রাইভেটকারের দুই যাত্রীসহ চারজন আহত হয়েছেন।

গত শুক্রবার (২০ নভেম্বর) ভোর চারটার দিকে উপজেলার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম সরকার (১৭) উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদ সরকারের ছেলে। তিনি গফরগাঁও সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আজিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর চাচাতো ভাই আজমল হুদা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক।

আহত ব্যক্তিরা হলেন চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের ছাত্রদল কর্মী রিফাত (২৮) ও পাভেল (২২) এবং নান্দাইল উপজেলার চর ভেলামারী গ্রামের প্রাইভেটকারের যাত্রী আলমগীর (২৬) ও তাঁর স্ত্রী লিমা (২৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে বৃহস্পতিবার রাতে উপজেলার প্রবেশমুখ শিবগঞ্জ বাজারে পাহারা বসান স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। রাত সাড়ে তিনটার দিকে ওই পথে একটি প্রাইভেটকার এলে আজিম সরকারসহ কয়েকজন নেতা-কর্মী গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর জন্য সংকেত দেন। এ সময় চালক ভয়ে গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।

প্রাইভেটকারের ভেতরে আওয়ামী লীগের কোনো নেতা থাকতে পারেন—এমন সন্দেহে আজিমসহ ছাত্রদলের কয়েকজন একটি মোটরসাইকেলে করে গাড়িটির পিছু নেন। প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটির গতিরোধের চেষ্টা করেন তাঁরা। এ সময় মোটরসাইকেলটি প্রাইভেটকারের সামনে গিয়ে ব্রেক করলে দুই যানের মধ্যে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলচালক আজিম সরকার, আরোহী রিফাত ও পাভেল এবং প্রাইভেটকারের যাত্রী আলমগীর ও তাঁর স্ত্রী লিমা আহত হন। স্থানীয় বাসিন্দারা আজিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আহত ছাত্রদল কর্মী রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আলমগীর ও তাঁর স্ত্রী লিমা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লাবিবা হক বলেন, আজিম সরকারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করার কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পাহারা বসিয়েছিলেন। এ সময় প্রাইভেটকারটি থামাতে বলা হলে চালক ভয়ে দ্রুত চলে যান। পরে প্রাইভেটকারটির পিছু নেওয়ার একপর্যায়ে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আজিম সরকার নিহত হন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে গেছেন।