২১ নভেম্বর ২০২৬, ২১:২২

হাসপাতালে ওষুধ পাঠালেও বঞ্চিত সেন্টমার্টিনের রোগীরা, টাকা দিয়েও মেলে না চিকিৎসা

সেন্টমার্টিন (২০) বিশ শয্যা বিশিষ্ট হাসপাতাল  © টিডিসি

সেন্টমার্টিন দ্বীপের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গত এক বছরে প্রায় সাত লাখ টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। কিন্তু সেই ওষুধের সুফল পাচ্ছেন না দ্বীপের ২০ শয্যার হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। অভিযোগ উঠেছে, রোগীদের নামে ওষুধ বিতরণের হিসাব দেখিয়ে সরবরাহ করা ওষুধের বড় অংশ বাইরে বিক্রি করে দেওয়া হয়েছে। এমনকি চিকিৎসা নিতে আসা রোগীদের প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে বলা হচ্ছে। সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হওয়া প্রসূতিদের স্বজনদের কাছ থেকেও ওষুধ, স্যালাইন ও চিকিৎসাসামগ্রীর খরচ বাবদ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের দুই উপসহকারী মেডিকেল অফিসার এবং এক কর্মচারীর ছেলের ফার্মেসিকে ঘিরে এসব অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে দেখা গেছে, দীর্ঘদিন হাসপাতালটিতে ওষুধ বিতরণের কোনো রেজিস্টার সংরক্ষণ করা হয়নি। চলতি বছরের আগস্ট থেকে বিতরণের তালিকা তৈরি শুরু হলেও সেখানে নাম থাকা কয়েকজন রোগী জানিয়েছেন, তাঁরা কোনো ওষুধ পাননি। অর্থাৎ কাগজে-কলমে ওষুধ বিতরণের হিসাব থাকলেও বাস্তবে রোগীদের হাতে সেসব ওষুধ পৌঁছেছে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। প্রতিবেদকের হাতে আসা তথ্য-প্রমাণ এবং রোগী, হাসপাতালের কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যেও ওষুধের ব্যবহার ও বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠে এসেছে।

সরেজমিনে দেখা যায়, দ্বীপের কোনাপাড়া এলাকা থেকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে সেন্ট মার্টিনের ২০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ফাতেমা খাতুন। কর্তব্যরত চিকিৎসক তাঁর নাম লিখে দিলেও হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি। তাঁকে বাইরে থেকে ওষুধ কিনে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ক্ষোভ প্রকাশ করে ফাতেমা খাতুন বলেন, ‘এখানে আগে দু-একটা প্যারাসিটামল ছাড়া ভালো ওষুধ পাইনি। দু-একবার এখান থেকে টাকা দিয়ে ওষুধ কিনেছি। আমাদের জন্য দেওয়া ওষুধ যদি বাইরে বিক্রি করে দেওয়া হয়, আর আমাদেরই যদি কিনে খেতে হয়, তাহলে আমরা গরিব মানুষ বাঁচব কীভাবে?’

আয়েশা নামের আরেক রোগীর অভিযোগ, অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর তাঁর নাম ওষুধ বিতরণের রেজিস্টারে লেখা হলেও তাঁকে কোনো ওষুধ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘রেজিস্টার খাতায় আমার নাম আছে। কিন্তু আমাকে কোনো ওষুধ দেয়নি। অথচ তালিকায় দেখানো হয়েছে, আমাকে ওষুধ দেওয়া হয়েছে। তারা হয়তো মনে করেছে আমি অশিক্ষিত, কিছু বুঝব না।’

সেন্ট মার্টিন দক্ষিণপাড়ার বাসিন্দা আবু তাহেরের অভিযোগ, অক্টোবরের শুরুর দিকে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে গেলে উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল জলিল তাঁকে ওষুধ বিক্রির প্রস্তাব দেন। পরে হাসপাতাল থেকেই টাকা দিয়ে ওষুধ নিতে হয়েছে বলে জানান তিনি।

প্রসূতি রোগীদের স্বজনদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ
সাধারণ রোগীদের পাশাপাশি সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হওয়া নারীদের স্বজনদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, রোগী ভর্তির পর তাঁর শারীরিক অবস্থা বিবেচনার আগেই ওষুধ, স্যালাইন ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর খরচ বাবদ নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করা হয়। সন্তান প্রসবের জন্যও আলাদা খরচের কথা জানানো হয়।

সেন্ট মার্টিন দক্ষিণপাড়ার বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘এক মাস আগে আমার স্ত্রীকে সন্তান প্রসবের জন্য সেন্ট মার্টিন হাসপাতালে ভর্তি করি। কিন্তু রোগীর শারীরিক অবস্থা বিবেচনা না করেই প্রথমে আমার সঙ্গে পাঁচ হাজার টাকায় চুক্তি করা হয়। জানানো হয়, ওষুধসহ সব খরচ মিলিয়ে এই টাকা দিতে হবে। আমি অসহায় মানুষ হয়েও নিরুপায় হয়ে রাজি হই। পরে আমার স্ত্রীর সন্তান প্রসব করানো হয়। হাসপাতাল থেকেই সব ওষুধ দেওয়া হয়েছিল। তবে তারা জানিয়েছিল, এসব ওষুধ কিনে আনা হয়েছে।’

এ ছাড়া আরও তিন প্রসূতির স্বজনের সঙ্গে কথা বলেছেন প্রতিবেদক। তাঁদের অভিযোগও প্রায় একই। সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর ওষুধ, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর খরচ বাবদ তাঁদের কাছেও নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করা হয়েছিল।

হাসপাতালের ওষুধ যাচ্ছে কর্মচারীর ছেলের ফার্মেসিতে?
অনুসন্ধানে হাসপাতালের কর্মচারী রমজান আলীর ছেলে মো. কাদেরের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। সেন্ট মার্টিন বাজারে তাঁর একটি ফার্মেসি রয়েছে। অভিযোগ, হাসপাতালের দুই উপসহকারী মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে ওষুধ না পাওয়া রোগীদের ওই ফার্মেসিতে পাঠানো হতো। পরে সেখান থেকে তাঁদের ওষুধ কিনতে বলা হতো।

এ ছাড়া উপসহকারী মেডিকেল অফিসার শহিদুল ইসলামের বিরুদ্ধে হাসপাতাল থেকে ব্যাগে করে ওষুধ টেকনাফে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন হাসপাতালের এক নার্স। তাঁর দাবি, বিভিন্ন সময় শহিদুল ইসলাম টেকনাফে যাওয়ার সময় হাসপাতালের ওষুধ সঙ্গে করে নিয়ে যেতেন। তিনি নিজ চোখে এ ঘটনা দেখেছেন বলেও দাবি করেন।

হাসপাতালের কয়েকজন নার্সের অভিযোগ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে ওষুধ আসার কয়েক দিনের মধ্যেই সেগুলো শেষ হয়ে যেত। অথচ হাসপাতালে আসা রোগীদের এসব ওষুধ দেওয়া হতো না। তাঁদের দাবি, রোগীদের টেকনাফ হাসপাতাল থেকে সরবরাহ করা সরকারি ওষুধ দেওয়া হতো। অন্যদিকে বিকেলের দিকে আসা রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বলে টাকা নেওয়া হতো।

নাম প্রকাশ না করার শর্তে ওই নার্সরা বলেন, মা ও শিশু হাসপাতাল থেকে সেলাইয়ের সুতা পর্যন্ত পাঠানো হতো। সেগুলোও রোগীদের না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। তাঁরা প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা ছিল। এ কারণে অনেক কিছু দেখেও মুখ খুলতে পারেননি।

তাঁদের আরও অভিযোগ, চলতি বছরের আগস্ট থেকে ওষুধ বিতরণের রেজিস্টার তৈরি শুরু হলেও তালিকায় নাম থাকা অনেক রোগীই ওষুধ পাননি। রোগীদের নামের পাশে ওষুধের নাম লিখে বিতরণের হিসাব দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে তাঁদের হাতে ওষুধ পৌঁছায়নি।

আগস্ট মাসে দায়িত্ব পালন করা মেডিকেল অফিসার ডা. তন্ময় বলেন, ‘আমি দায়িত্বে থাকাকালে এ ধরনের কিছু বিষয় উপলব্ধি করেছি। আমি যাওয়ার আগে ওষুধ বিতরণের কোনো রেজিস্টার ছিল না। পরে রেজিস্টার খাতা করে দিয়ে এসেছি। তবে এসব কাজ কে বা কারা করেছে, তা ধরতে পারিনি।’

সাত লাখ টাকার ওষুধের হিসাব কোথায়?
প্রতিবেদকের হাতে আসা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গত ১১ নভেম্বর সরবরাহ করা ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তালিকায় ১৭ ধরনের সামগ্রীর উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে ১০০টি অ্যান্টিহিস্টামিন সিরাপ, ৬৬টি মেট্রোনিডাজল সিরাপ, ১০০টি প্যারাসিটামল সিরাপ, ৩৩টি অ্যামোক্সিসিলিন সিরাপ, ৫০০ মিলিগ্রামের ৫৬০টি ফ্লুক্লক্স ট্যাবলেট, ২৬টি পারমেথ্রিন লোশন, বিভিন্ন মাপের ২০০টি আইভি ক্যানুলা, ৪৮টি ক্যাটগাট ও সেলাইয়ের সুতা, ৯০টি সাইটোমিস ট্যাবলেট, ১০০টি ডিপিএস, ৫০০টি ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং ১০০টি এলপি নিডল।

তালিকায় শিশুদের সিরাপ, অ্যান্টিবায়োটিক, গর্ভবতী ও প্রসূতি রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসামগ্রী রয়েছে। কিন্তু হাসপাতালের ওষুধের স্টোরে গিয়ে এসব ওষুধের নতুন কোনো বক্স পাওয়া যায়নি। সেখানে কয়েকটি কার্টন ছাড়া পুরোনো কিছু ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। একদিকে সরবরাহ করা ওষুধের তালিকা, অন্যদিকে স্টোরের বাস্তব চিত্র এবং রোগীদের ওষুধ না পাওয়ার অভিযোগ—সব মিলিয়ে ওষুধগুলোর ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক বছরে সেন্ট মার্টিনের ২০ শয্যার হাসপাতালের জন্য প্রায় সাত লাখ টাকার ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে। প্রতি মাসে প্রয়োজনীয় ওষুধের তালিকা পাঠানোর পর সেগুলো সরবরাহ করা হতো। সাধারণ রোগীদের পাশাপাশি প্রসূতি ও সন্তান প্রসবের রোগীদের জন্য স্যালাইন, ক্যানুলাসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীও পাঠানো হয়েছে।

মানবিক উদ্যোগের সুফল পাচ্ছেন না দ্বীপবাসী
দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থানীয়দের দাবি ও গণমাধ্যমের ভূমিকার পর গত বছরের নভেম্বরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহযোগিতায় সেন্ট মার্টিনে আবার চিকিৎসাসেবা চালু হয়। দ্বীপের মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসংকট বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ওষুধ সরবরাহ ও বিতরণে অনিয়মের অভিযোগ ওঠায় সেই উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

সেন্ট মার্টিনের ছাত্রনেতা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, ‘আমাদের দাবি ও গণমাধ্যমের ভূমিকার কারণে এক বছরের জন্য চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা হয়েছিল। কিন্তু মা ও শিশু হাসপাতাল থেকে ওষুধ পাঠানো হলেও মানুষ তা পায়নি। আমরা কখনো শুনিনি রোগীদের নিয়মিত এসব ওষুধ দেওয়া হচ্ছে। অথচ ওষুধ স্টোরে পড়ে থাকে। কয়েকটি ফার্মেসির সঙ্গে যোগসাজশ করে ওষুধ বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল জলিল বলেন, ‘আমরা রোগী অনুযায়ী ওষুধ দিই।’ তবে সরবরাহ করা বিপুল পরিমাণ ওষুধের কতটুকু রোগীদের দেওয়া হয়েছে এবং স্টোরে ওষুধ পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

অপর অভিযুক্ত উপসহকারী মেডিকেল অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগগুলো তদন্ত করা হোক।’

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ট্রেজারার ড. মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমরা সেন্ট মার্টিনের মানুষের জন্য মানবিক বিবেচনায় ওষুধ পাঠিয়েছি। আমিও বিভিন্ন অভিযোগ পেয়েছি। অনেক কষ্ট করে প্রাথমিক পর্যায়ের প্রয়োজনীয় ওষুধগুলো পাঠিয়েছি। কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারিনি। তারা আমাদের পাঠানো ওষুধ রোগীদের দেয়নি। শুনেছি, ওষুধ স্টোরে পড়ে থাকে। এগুলো টেকনাফ হাসপাতাল থেকে তদারকি করা প্রয়োজন ছিল।’

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, ‘চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা কাজ করেনি। তবে সাধ্যমতো চেষ্টা করেছে। তাদের পাঠানো ওষুধ যদি চিকিৎসকেরা রোগীদের না দিয়ে দুর্নীতি করে থাকেন, তাহলে বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দ্বীপের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যে ওষুধ পাঠানো হয়েছিল, সেগুলো কোথায় গেল—এখন সেই প্রশ্নই সামনে এসেছে। রোগীদের নামে ওষুধ বিতরণের হিসাব থাকলেও বাস্তবে তাঁরা কেন ওষুধ পাচ্ছেন না, সরবরাহ করা ওষুধের কতটুকু রোগীদের দেওয়া হয়েছে এবং কোনো ফার্মেসিতে সেগুলো বিক্রি হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।