পাবনায় মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ: সংঘর্ষ চলছে তিন দিন ধরে, বন্ধ দোকানপাট
পাবনার বেড়া পৌরসভায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ শনিবার (২১ নভেম্বর) দুপুরে পৌরসভার বৃশালিখা মহল্লায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেন উভয় পক্ষের নেতা-কর্মীরা। সংঘর্ষ ও উত্তেজনার কারণে বেড়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা নিজেদের দোকানপাট লুটপাটের আশঙ্কায় রাত জেগে পাহারা দিচ্ছেন।
আজ দুপুর ১২টার পর বৃশালিখা মহল্লায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মহল্লার প্রবেশমুখে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। অন্যদিকে কিছুটা দূরে নৌকা চত্বরে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করেন বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া পৌরসভার সম্ভুপুর এলাকাতেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে শনিবার দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা পরিষদে বৈঠকে বসেন পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিন দিনের সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বেড়া পৌর এলাকার সম্ভুপুর, পায়না ও আশপাশের বিভিন্ন এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখান থেকে সরে যান। পরে পায়না ও সম্ভুপুর মহল্লার কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
একই দিন বৃশালিখা মহল্লা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেও দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর শুক্রবার (২০ নভেম্বর) পৌরসভার সম্ভুপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কয়েকটি ঘরবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের ভাষ্য, বেড়া পৌরসভার বৃশালিখা, সম্ভুপুর ও পায়না মহল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-অধ্যুষিত হিসেবে পরিচিত। অন্যদিকে হাতিগাড়া মহল্লা বিএনপি-অধ্যুষিত। বেড়া থানার সামনে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বেড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বিনা উসকানিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকায় অশান্তি সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে এভাবে সংঘর্ষ ও সহিংসতা চলতে পারে না।’
টানা তিন দিনের সংঘর্ষ ও উত্তেজনার প্রভাব পড়েছে বেড়া বাজারের ব্যবসা-বাণিজ্যে। সংঘর্ষের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দোকানপাটে লুটপাট চালাতে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা বেশির ভাগ সময় দোকান বন্ধ রাখছেন। কেউ কেউ রাত জেগে নিজেদের দোকানপাট পাহারা দিচ্ছেন।
আল আমিন হোসাইন নামের এক দোকানী বলেন, ‘আমরা খুব চিন্তায় আছি। কয়েকদিন ধরে বাজার ও আশেপাশের এলাকায় উত্তেজনা রয়েছে। কখন কি হয় বলা যায় না। দোকান বন্ধ থাকলেও বাজারে থাকতে হয়। নিজের নিরাপত্তা নিয়েও চিন্তায় আছি।
বেড়া বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘তিন দিন ধরে সংঘর্ষ ও উত্তেজনার কারণে বাজারের ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। ব্যবসায়ীরা আতঙ্কে দোকান খুলতে পারছেন না। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।’
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতারা। শনিবার বৃশালিখায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও এসআরবি সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।
এর আগে শনিবার বেলা দেড়টার দিকে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলাম। হঠাৎ করে এখন আবার পরিস্থিতি খারাপের কথা শুনতে পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আশা করি, পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।’