ছেলেকে না পেয়ে বাবাকে পুরোনো নাশকতা মামলায় গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক ছেলেকে তুলে নিতে ব্যর্থ হওয়ার পর তার ৬৬ বছর বয়সী বাবাকে পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আক্তার মল্লিক নামের ওই ব্যক্তি জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে দাবি করেছেন স্থানীয় জামায়াত নেতারা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরও থানা থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানোয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শ্যামনগর থানা-পুলিশ তাকে আদালতে পাঠায়। এর আগে বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাতে রাজনৈতিক ট্যাগ দিয়ে দৈনিক আমাদের সময়’র শ্যামনগর প্রতিনিধি, দ্য এডিটরস’র উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল’র শ্যামনগর ব্যুরোপ্রধান বিলাল হোসেনকে তার বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন উপজেলা যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী।
চাঁদাবাজি, দখলবাজি, নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন করার জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সাংবাদিক বিলাল।
স্থানীয়দের বাধার মুখে তাকে তুলে নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে বিলাল বাড়ির পাশের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান। ঘটনার বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ পৌঁছায়। পরে তার বাবা আক্তার মল্লিককে পুলিশের হাতে তুলে দেন যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, ‘আক্তার মল্লিক কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী। বয়স ৬৬ বছর হলেও দলের বিভিন্ন কর্মসূচি ও সমাবেশে নিয়মিত অংশ নেন। তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোয় আমরা মর্মাহত।’
তিনি আরও বলেন, তাকে পুলিশের কাছে দেওয়ার পর দলের পক্ষ থেকে থানায় যোগাযোগ করেছিলাম। পুলিশ বিষয়টি দেখার আশ্বাসও দিয়েছিল। কিন্তু পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা আগে নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেখা যেত। এই ঘটনাতেও তেমন আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে বলে জানান তিনি।
এদিকে, আক্তার মল্লিককে থানায় নেওয়ার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শুক্রবার ওসি সফিউল ইসলাম পাটোয়ারীর মুঠোফোনে আবার যোগাযোগ করা হয়। তবে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন করতেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব পাল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৯ নভেম্বর রাত ২টা ৩৫ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জের কুলতলী এলাকা থেকে স্থানীয় জনতা আক্তার মল্লিককে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ২১ জুন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে জেলা বিএনপির নেতারা এবং শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাশিমাড়ীর দিকে যাচ্ছিলেন। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে কাশিমাড়ী ইউনিয়নের কাতখালী সেতুর ওপর তাঁদের গাড়িবহরে হামলা হয়। হামলাকারীরা লাঠি, লোহার রড, রামদা, হকিস্টিক ও ককটেল নিয়ে গাড়িবহরের পথ আটকান। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, নেতা-কর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। গাড়িবহরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণসামগ্রী লুট এবং যানবাহন ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুদেব পাল বলেন, সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে স্থানীয় রাজনৈতিক নেতারা আটক করে আমাদের কাছে দিয়েছিলেন।
আক্তার মল্লিককে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে তিনি বলেন, মামলাটি এখনো তদন্তাধীন। তিনি যদি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে মামলা থেকে অব্যাহতি পাবেন।