বিএনপি নেতার শ্বশুরবাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ নেতা আটক
রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে নাটোরের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি নাটোর সদর উপজেলার ৪নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া এলাকায় সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুর আব্দুর রশীদের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই হাবিবুর রহমানকে আটক করা হয়।
পারিবারিক সম্পর্কের দিক থেকে আটককৃত হাবিবুর রহমান পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের খালা শাশুড়ির মেয়ের জামাই, অর্থাৎ সম্পর্কে তার ভায়রা হন। জানা গেছে, তাকে এর আগেও সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছিল। আটকের পর পুঠিয়া থানা পুলিশ তাকে নাটোর সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান বলেন, পুঠিয়া থানা পুলিশ আটককৃত হাবিবুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পূর্বে সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে। সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে জানতে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমিও শুনেছি যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।’
তবে তার (আল মামুন) সহায়তায় তাকে আশ্রয় দেওয়া হয়েছে এমন অভিযোগের প্রসঙ্গ তুলতেই তিনি অকথ্য ভাষা ব্যবহার করে বলেন, ‘তাতে আমার বাল ছেড়া গেল, তাতে আমার বাল ছেড়া গেল।’ এই কথা বলে তিনি ফোনটি কেটে দেন।
এদিকে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পুঠিয়া-দুর্গাপুর এলাকায় আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন বর্তমান সংসদ সদস্য নজরুল মণ্ডল। এমনকি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়ে গেছিলেন আওয়ামী লীগ করা ব্যক্তিকে। তিনি (নজরুল মণ্ডল) বলছেন, আওয়ামী লীগের ভোটে আমি এমপি হয়েছি, বিএনপি নেতাকর্মীরা আমার বিপক্ষে ছিল সেজন্য পুনর্বাসনের সেই কৌশলের ফলশ্রুতিতেই গতকাল দেখলাম নাটোরের যুবলীগ নেতা আটক হয়েছে।
অন্যদিকে সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল বলেন, আটক যুবলীগ নেতা সাবেক পুঠিয়া পৌরসভার মেয়র মামুনের খালাতো ভায়রা, আর তাকে পাওয়া গেছে মামুনের শ্বশুরবাড়ি থেকে। মামুন ইতিপূর্বে যেমন আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছিল, এখনও আছে এটাই বাস্তব প্রমাণ। তারা অন্যদের বিরুদ্ধে মিথ্যাচারে বেশি ব্যস্ত থাকে।
তিনি আরও বলেন, এই মামুন এবং ওর শ্বশুর বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট করেনি, তারা ফুটবল প্রতীকে ভোট করেছে। আর আমার এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অথচ তাদের বাড়ি থেকেই আওয়ামী লীগ-যুবলীগ পাওয়া যাচ্ছে।