২০ নভেম্বর ২০২৬, ১৩:০৬

‘পটকাবাজ’ ছেলেটিকে খুঁজছে পুলিশ

‘পটকাবাজ’ ছেলেটিকে খুঁজছে পুলিশ  © সংগৃহীত

রাজশাহীতে আতশবাজি বা ফটকা জাতীয় কিছু ফুটিয়ে শব্দ ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক কিশোরকে খুঁজছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ওই কিশোরের পরিচয় শনাক্ত করতে সহায়তা চেয়ে নিজেদের ফেসবুক পেজে তার ছবি প্রকাশ করেছে পুলিশ। একই সঙ্গে তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) আরএমপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন। নিচের যেকোনো নম্বরে তথ্য দিন।’ পোস্টে আরএমপির হটলাইন নম্বর ০১৩২০০৬৩৯৯৯ এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি), আরএমপির নম্বর ০১৩২০০৬২১১০ দেওয়া হয়েছে।

পোস্টের সঙ্গে যুক্ত একটি ভিডিওতে এক কিশোরকে ফটকা বা আতশবাজি জাতীয় কিছু ফুটিয়ে শব্দ করতে দেখা যায়। এ ছাড়া তার পরিচয় শনাক্তের জন্য একটি ছবিও প্রকাশ করা হয়েছে। তবে ছবিটিতে মুখমণ্ডলের কিছু অংশ পরিবর্তন বা উন্নত করা হয়েছে বলে দেখা যায়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, ‘কিশোরটি আতশবাজি বা ফটকা জাতীয় বস্তু ফুটিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। শনাক্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, কিশোরটির পরিচয় শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আরএমপির দেওয়া হটলাইন অথবা উপ-পুলিশ কমিশনার (ডিবি) কার্যালয়ের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।