১৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৭

গ্রেপ্তারের আগেই ডিবি পরিচয়ে নাহিদের বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

নুরুল ইসলাম নাহিদ  © সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগেই রাজধানীর উত্তরার বাসায় ডিবি পরিচয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে একদল ব্যক্তি তল্লাশির নামে বাসায় ঢুকে এসব জিনিস নিয়ে যান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরিবারের অভিযোগ, পুলিশের মূল দল বাসায় পৌঁছানোর কিছুক্ষণ আগেই ডিবি পরিচয় দেওয়া ব্যক্তিরা সেখানে প্রবেশ করেছিলেন।

গ্রেপ্তারের সময় ধারণ করা একটি ভিডিওতে নাহিদের স্ত্রী ও মেয়েকে এ অভিযোগ করতে দেখা যায়। তারা জানান, ওই ব্যক্তিরা বাসায় ঢুকে তল্লাশির পর মেয়ের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যান।

পরিবারের অভিযোগ শুনে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুরকে বিস্ময় প্রকাশ করতে দেখা যায়। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘কারা এসেছিল, আমরা তো এখন এলাম।’

ওসি পরিবারের সদস্যদের কাছে জানতে চান, যারা বাসায় এসেছিলেন তাদের কাউকে চিনতে পেরেছেন কি না। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ওই ব্যক্তিদের বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে থানায় যেতে চাইলে ওসি তাদের অনুমতি দেন।

পরিবারের অভিযোগের সত্যতা যাচাই, বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রবেশ ও বের হওয়ার সময়ের তথ্য পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, যারা ডিবি পরিচয়ে বাসায় ঢুকেছিল তারা আসলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নাকি প্রতারক চক্র, তা যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।