এবি পার্টির চেয়াম্যান মঞ্জুর গাড়িতে আগুন
রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা গাড়িতে আগুন দেয় মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় গাড়িটির একাংশ পুড়ে গেছে।
এ অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক যৌথ বিবৃতিতে তাঁরা এ ঘটনার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তিকে দায়ী করেছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার গভীর রাতে মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এসে মঞ্জুর গাড়িতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। আগুন জ্বলতে শুরু করলে তাঁরা দ্রুত অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ সময় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পান। পরে তাঁরা দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। তবে ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে যায়।
যৌথ বিবৃতিতে এবি পার্টির দুই নেতা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা।
একই সঙ্গে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান এবি পার্টির নেতারা।