‘আপা, আপনার সঙ্গে কথা বলতে চাই’— নাহিদের মেসেজ সিন করলেন না শেখ হাসিনা
চলতি মাসেই ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ জন্য শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পাশাপাশি একাধিকবার ফোনকলও করেছিলেন তিনি। তবে কোনো বার্তার উত্তর পাননি, এমনকি তার ফোনকলও রিসিভ করেননি শেখ হাসিনা।
গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’
তবে শেখ হাসিনা ওই বার্তাটি সিন করেননি। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আবার ফোন দেন তিনি। কিন্তু কোনো কলই রিসিভ করেননি শেখ হাসিনা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘আমরা তার মোবাইল ফরেনসিকে দেব। তখন জানা যাবে।’
জানা গেছে, গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।
জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যা মামলায় তাকে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।