চাপাতি হাতে আ. লীগ নেতাকর্মীদের মিছিল, থমথমে গোপালগঞ্জ—বিএনপির কার্যালয় ভাঙচুর
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপাতি, দা ও দেশীয় অস্ত্র হাতে মিছিল এবং বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে মানুষের চলাচলও তুলনামূলক কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন করে মোতায়েন করা হয়েছে ২১ প্লাটুন বিজিবি। অন্যদিকে, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরেজমিনে গোপালগঞ্জ সদর এলাকায় এসব ঘটনা ঘটে। সকাল থেকেই সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সব মিলিয়ে সকাল থেকে জেলাজুড়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শহরের পৌর নিউ মার্কেটে বিএনপির কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানো হচ্ছে। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। তাদের হাতে দা, চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। ভিডিওতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিও দেখা গেছে।
এর আগে বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর মধ্যে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি বিএনপি নেতাদের বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বুধবার রাতে গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতাল ও ব্যক্তিগত কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভবনটির সামনে এসে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে তারা ভবনের নিচতলায় থাকা হাসপাতাল ও সংসদ সদস্যের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালান।
ভবনটির নিচতলায় একটি ডায়াগনস্টিক সেন্টার, অভ্যর্থনাকক্ষ ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। এসব স্থানে ভাঙচুর চালানোর পর তিনটি চেয়ারসহ কয়েকটি আসবাবপত্র ক্লিনিকের সামনে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ক্লিনিকের কর্মীদের অভিযোগ, হামলাকারীরা কিছু ওষুধ ও চিকিৎসা সরঞ্জামও নিয়ে গেছেন। তবে ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলায় রোগীদের জন্য থাকা কেবিনগুলোতে তারা প্রবেশ করেননি।
ভবনটির তত্ত্বাবধায়ক খাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় ক্লিনিকে তিনজন রোগী ভর্তি ছিলেন। তাদের দেখাশোনার জন্য কয়েকজন নার্সও দায়িত্ব পালন করছিলেন। ভাঙচুরের পর রোগী ও নার্সরা ক্লিনিক ছেড়ে চলে যান। তবে এ ঘটনায় কাউকে মারধর করা হয়নি।