১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭

সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল বিচারিক অবিচার: প্রধান বিচারপতি

কাদের মোল্লা  © সংগৃহীত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতির আসনে বসে এ ধরনের রায় দেওয়া লজ্জাজনক। এমন ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও অভিহিত করেছেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে এসব মন্তব্য করেন প্রধান বিচারপতি। এ সময় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন দণ্ডপ্রাপ্ত তিনজনই। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।

এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চারজনের বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

তবে আপিল শুনানিতে আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা অপরাধ সংঘটনের সময় তার বয়স মাত্র ১৩ বছর ছিল বলে বিষয়টি উঠে আসে। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা।