আ’লীগ আমলের ৪ শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীর তিনজনই কারাগারে, বিদেশে পালিয়েছেন একজন
আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে তিনজনই এখন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, দীপু মনি এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী রয়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের সর্বশেষ মেয়াদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে। সরকার পতনের পর একে একে তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও কারাবাসের ঘটনা ঘটেছে। সর্বশেষ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা নুরুল ইসলাম নাহিদ।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। এরপর টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকে আওয়ামী লীগ। এ সময়ে ২০১৪ সালের একতরফা নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করেছে আওয়ামী লীগ সরকার। দীর্ঘ এই শাসনামলে ক্ষমতার অপব্যবহার, বিরোধী মত দমন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও সামনে আসে।
পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটে ২০২৪ সালের জুলাই-আগস্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তাঁর সঙ্গে দেশ ছাড়েন বোন শেখ রেহানাও। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত কোনো সরকারপ্রধানের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা এটি ছিল নজিরবিহীন। এর পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। সংসদ সদস্যদের অনেকেই আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন হত্যা, হামলা ও সহিংসতার ঘটনায় মামলা হতে থাকে। সেই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা চারজনের মধ্যে তিনজন কারাগারে এবং একজন দেশের বাইরে অবস্থান করছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সর্বশেষ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ২টা ২০ মিনিটের দিকে তাকে আটক করা হয় বলে জানা গেছে। পরে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে পুলিশ জানতে পারে, উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাসায় নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি তার মেয়ের। কত দিন ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন। তাঁর বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা-ও যাচাই-বাছাই করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।’
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার দায়িত্বকাল বাংলাদেশের শিক্ষা খাতের অন্যতম আলোচিত সময়। তার সময়ে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, পাঠ্যবই বিতরণ এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা-সমালোচনা ছিল।
নুরুল ইসলাম নাহিদের আগে আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৪ সালের ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
এর আগে ১৩ আগস্ট পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় দীপু মনির বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলাটির নম্বর ছিল ০৫। গ্রেপ্তারের পর তাকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, মোহাম্মদপুর থানার ওই হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
তবে পরবর্তী সময়েও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আইনি কার্যক্রম চলেছে। সর্বশেষ ২০২৬ সালের ২৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ২১ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ২৩ অক্টোবর আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তার আবেদন মঞ্জুর করেন।
দীপু মনি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন। দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার সময়ে শিক্ষা উপমন্ত্রী ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এদিকে দীপু মনি, তার স্বামী তৌফীক নাওয়াজ এবং বড় ভাই চিকিৎসক জে আর ওয়াদুদ টিপুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছিল।
আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা কাজী কেরামত আলীও বর্তমানে কারাগারে রয়েছেন। ২০২৫ সালের ৬ এপ্রিল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৮ সালের ২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ।
২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে পাওয়া আসামি হিসেবে ওই মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
তার আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম জানান, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও কয়েকটি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে অন্য মামলায় আটক থাকায় তার কারামুক্তি হয়নি। সাম্প্রতিক আদালতের আদেশেও তাকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সর্বশেষ মেয়াদের শিক্ষামন্ত্রী ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। ২০২৪ সালের ১১ জানুয়ারি তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তার মন্ত্রিত্বের অবসান ঘটে। পরদিন ৬ আগস্ট জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলে সংসদ সদস্য পদও হারান তিনি।
সরকার পতনের পর নওফেল দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ২০২৬ সালের ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনেও তাকে দেখা যায়। এ ছাড়া দিল্লিতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিভিন্ন বৈঠক ও রাজনৈতিক তৎপরতায় তার নাম উঠে এসেছে।
নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য। তার বাবা প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শেষ মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। তবে সরকার পতনের পর অন্য সাবেক মন্ত্রীদের মতো তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।