১৯ নভেম্বর ২০২৬, ০০:১০
খুলনা জেলা জজ আদালতে ককটেল নিক্ষেপ
খুলনা জেলা জজ আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে। ককটেল নিক্ষেপের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে দুজন যুবক আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। রাতের অন্ধকারে ককটেল নিক্ষেপকারীদের চেহারা কেউ দেখতে পাননি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।