মুজিবের ছবি হাতে ৩ ঘণ্টার আল্টিমেটাম, বিএনপিকে ধূলিসাৎ করার হুমকির ভিডিও ভাইরাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাতে নিয়ে বিএনপিকে ধূলিসাৎ করার হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক যুবক নিজেকে উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে তিন ঘণ্টার আল্টিমেটাম দেন। এ নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
‘Honey VAi’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। প্রকাশের পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
ভিডিওতে দেখা যায়, এক যুবক মুঠোফোনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি হাতে ধরে বক্তব্য দিচ্ছেন। এ সময় তিনি নিজেকে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দেন। স্থানীয় রাজনীতি, সংগঠনের নেতৃত্ব ও বিরোধী পক্ষকে নিয়ে বিভিন্ন মন্তব্যের পাশাপাশি তিন ঘণ্টার আল্টিমেটামের কথাও বলেন তিনি।
ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ যুবকের বক্তব্যকে সাহসী ও স্পষ্ট অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক বক্তব্যে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার পরামর্শ দিচ্ছেন।
তবে ভিডিওতে বক্তব্য দেওয়া ওই যুবকের পরিচয় এবং তাঁর হুমকির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।