১৮ নভেম্বর ২০২৬, ১৬:২১

পিরোজপুরে ডাকাতির প্রস্তুতি, ধাওয়া খেয়ে ঝালকাঠিতে এসে আটক ৮

এসআরবির টহল গাড়ি  © সংগৃহীত

পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পালিয়ে এসে ঝালকাঠিতে আটক হয়েছেন আটজন। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ঝালকাঠির নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব জউসা গ্রামের বাসুদেব দেবের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। এ সময় তারা সেখান থেকে পালিয়ে ঝালকাঠির দিকে চলে আসেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে ঝালকাঠি পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝালকাঠি সদর উপজেলার বংকুরা গ্রামের জমিল হাওলাদার, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদরা গ্রামের রঙ্গলাল হালদার ও ছারছীনা দরবার শরীফ এলাকার ফাহিম, বরিশাল সদর উপজেলার সাগরদী গ্রামের স্বপন শীল, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামের রাজ্জাক বেপারী, ঝালকাঠি সদর উপজেলার শীরযুগ গ্রামের কামরুল মীর ও বারুহার গ্রামের রাজ্জাক মৃধা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ঝুনিয়া তেলিখালী গ্রামের সগির আলী।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ (বরিশাল) সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে নলছিটিতে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।