১৮ নভেম্বর ২০২৬, ১০:৩১

দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন, পুড়ে প্রাণ হারালেন চালকের সহকারী

দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন  © সংগৃহীত ও সম্পাদিত

নারায়ণগঞ্জ ও পিরোজপুরে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মোহাম্মদ সিয়াম (২৫) নামের চালকের সহকারী নিহত হয়েছেন। সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, ভোররাত পৌনে ৪টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেন দুর্বৃত্তরা। এর মধ্যে বাহক নামের বাসটিতে ঘুমিয়ে ছিলেন সিয়াম।

ভান্ডারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। তবে কারা বাস দুটিতে আগুন দিয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান জনিয়েছে পুলিশ।

এদিকে, ভোররাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস জানান, মোটরসাইকেলে আসা দুজন বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ করছে বলে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।